কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ঘাস সংগ্রহ করতে গিয়ে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার বিকালে উপজেলার কৃষ্ণানন্দবকসি সীমান্ত এলাকায়।
আহত ওই ছাত্রের নাম রাসেল মিয়া (১৪)। সে উপজেলার সীমান্তবর্তী বালাতারী গ্রামের আব্দুল হানিফের ছেলে ও বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করেছে।
সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, নোম্যান্সল্যান্ডে গবাদী পশুর ঘাস সংগ্রহ করতে যায় রাসেল মিয়া, শাকিল, ফরহাদ ও আলিমুদ্দিন। এক পর্যায়ে ৩৮ বিএসএফ ব্যাটালিয়নের নারায়ণগঞ্জ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অন্যরা বেঁচে গেলেও রাসেল মিয়ার চোখে মুখে রাবার বুলেটের স্প্রিন্ট বিদ্ধ হয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।
তার সঙ্গীদের আত্মচিৎকারে এলাকার হারুণ-আর-রশিদসহ আরও অনেকেই এগিয়ে এসে আহত রাসেলকে উদ্ধার করে। এলাকাবাসীর উপস্থিতি দেখে বিএসএফ সদস্যরা দ্রুত ভারতের ভিতরে চলে যায়। খবর পেয়ে গোরকমণ্ডল ও শিমুলবাড়ী কোম্পানি ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সবুজ পতাকা উড়িয়ে রাবার বুলেট ছোড়ার বিষয়ে তীব্র প্রতিবাদ জানায়। বিজিবির তীব্র প্রতিবাদের মুখে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার বিবরণ জানাতে সম্মত হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাবার বুলেট নিক্ষেপের খবর শুনে দ্রুত বিজিবির টহলদল তীব্র প্রতিবাদ জানায়। বিএসএফ মঙ্গলবার পতাকা বৈঠকের জন্য রাজি হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
