মেঘনা নদীতে ইট বোঝাই ট্রলারডুবি, নিখোঁজ এক

আপডেট : ০১ মে ২০১৮, ১৪:০২
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে সোমবার ঝড়ের কবলে পরে একটি ইট বোঝাই ট্রলার ডুবে গেছে বলে জানিয়েছেন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক। তিনি জানান, ট্রলারে থাকা ১৪ ব্যক্তির মধ্যে ১৩ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে গজারিয়া নৌ পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ডুবুরী দল মেঘনা নদীর ঘটনাস্থলে কাজ করছেন। 
 
তীরে ওঠে আসা আলমঙ্গীর হোসেন জানান, নিখোঁজ ব্যক্তির নাম মো: রফিজ উদ্দিন(২৬)। সে পাবনা জেলার চাটমোহর থানার থাইকোলা গ্রামের মোকসেদ মিয়ার ছেলে। তিনি আরও বলেন, দুঘটনার সময় নিখোঁজ ব্যক্তি ট্রলারটির ভিতরে সকলের জন্য রান্নার কাজ করছিলেন।
 
সাঁতরে ওঠে আসাদের মধ্যে মাজিদুল ইসলাম (২২), বিল্লাল হোসেন (২০), রেজাউল করিম (২৮), মুমিন মিয়া (৩০), বজলু মিয়া (৩৫), শাহিন মিয়া (৩৮), জিয়ারুল হক (৩২), আলমগীর হোসেন (৩৫), আতিকুর রহমান (৩২), গোলাম মুস্তফা (৩০), হামেদ আলী (২৯), জাহাঙ্গীর আলম (৩৫), হান্নান শাহ (৩২) জানান, জাবালে সুর এন্টারপ্রাইজ নামে একটি ট্রলার মুন্সীগঞ্জ জেলার দীঘিরপাড় এলাকার ডিগ্রিরচর থেকে ইট বোঝাই করে নারায়নগঞ্জের আড়াইহাজার থানার খাসকান্দি যাচ্ছিলেন। তখন গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের রঘুরচর (খাঁন ব্রাদ্রার্স) এলাকার মেঘনা নদীতে আসলে প্রবল ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়।
 
গজারিয়া ফায়ার সাভির্সের ইউনিটের প্রধান মো. সাইদুর রহমান বলেন, ট্রলার ডুবির ঘটনায় সোমবার রাতেই ঢাকা থেকে ফায়ার সাভির্সের অভিজ্ঞ ডুবুরী দল এসেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের কথা মতে ঘটনাস্থল ও এর আশপাশে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ও নিখোঁজ ট্রলারটি সনাক্তে তল্লাশি করা হচ্ছে।
 
এ ঘটনায় গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ জহিরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার বিকাল ৩টায় ঝড়ের কবলে ট্রলারটি ডুবে যায়। সনাক্তে চেষ্টা করা হচ্ছে। এবং উদ্ধার হওয়া ১৩ জনের মধ্যে কয়েকজনকে স্থানিয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
ইত্তেফাক/কেআই