‘পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না’

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:৪৪

দেশ বাঁচাতে একমাত্র রাস্তা তৃণমূল : মমতা

ফেডারেল ফ্রন্ট গড়ার কথা বলার সময় থেকেই তার তত্ত্ব ছিল, যেখানে যে দল শক্তিশালী, সেখানে সেই দলকে ভোট দিন। মঙ্গলবার দিনাজপুরের দুই সভা থেকে সে কথাই আর একবার মনে করিয়ে দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা, ‘কংগ্রেস একক শক্তিতে এবারে ক্ষমতায় আসবে না। তাই এই রাজ্যে কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না।’ পরিবর্তে তৃণমূলকে ৪২টি আসনেই জেতানোর দাবি তুলে তিনি বলেন, ‘এবার উত্তরপ্রদেশ এবং বাংলা মিলে সরকার গড়বে।’ এরই পাশাপাশি তিনি বলেন, ‘কেরালায় সব আসনই কংগ্রেস এবং সিপিএম নিয়ে যাবে।’

পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ মিলে মোট ১২২টি লোকসভা আসন রয়েছে। উত্তরপ্রদেশে এসপি এবং বিএসপি একজোট হয়ে লড়ছে। তৃণমূলের অন্দরের হিসেব, বিভিন্ন নির্বাচনী সমীক্ষায় দেখা গেছে, উত্তরপ্রদেশে মায়াবতী-অখিলেশ জোট ভালো ফল করতে পারে। একইভাবে পশ্চিমবঙ্গে অন্যদের থেকে তারা কয়েক কদম এগিয়ে বলে মনে করছে তৃণমূল। যেখানে যে শক্তিশালী, সেখানে তারা এককভাবে লড়াইয়ের তত্ত্ব মাথায় রেখেই পশ্চিমবঙ্গে তৃণমূল একা লড়ছে, সেটা এদিন তার কথায় আবার স্পষ্ট হয়ে যায়। কিন্তু তারা যে একই সঙ্গে অন্য বিরোধী আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধও, সেটাও তিনি বুঝিয়ে দেন। খবর আনন্দবাজার পত্রিকার।

পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ মিলে সরকার গড়বে এই কথা বলার সঙ্গেই মমতা জানিয়ে দেন, কর্ণাটকে দেবগৌড়ার দল, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ডুর দল এবং কেরালায় সিপিএম ও কংগ্রেস ভালো ফল করবে এবং বিজেপির ফল খারাপ হবে। কিন্তু এত কিছুর পরেও কংগ্রেস এককভাবে ক্ষমতায় সরকার গড়তে পারবে না। বরং মমতা বুঝিয়ে দিলেন, কংগ্রেস এককভাবে সংথ্যাগরিষ্ঠতা না পেলে তারাই হবেন চালিকা শক্তি। মমতা বলেন, ‘দেশ বাঁচাতে একমাত্র রাস্তা তৃণমূল।’