‘নিশ্চিত ভরাডুবির আভাস পেয়ে অপপ্রচারে নেমেছে বিএনপি’

আপডেট : ০৩ মে ২০১৮, ১০:৪৫
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ‘নিশ্চিত ভরাডুবির’ আভাস পেয়ে বিএনপি অপরাজনীতির পথ বেছে নিয়েছে। 
 
আজ বুধবার দুপুরে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। 
 
জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি ভোটারদের এই উৎসবমুখর পরিবেশের বিপরীতে মানুষের মাঝে ভয় ভীতি, উস্কানি ও বিভ্রান্তি সৃষ্টি করছে। সরকারি সম্পদ ধ্বংস এবং আগুনে মানুষ পুড়িয়ে হত্যাসহ নাশকতার মামলার দাগী অপরাধীদের সারা বাংলাদেশ থেকে এনে গাজীপুরে জড়ো করছে বিএনপি। 
 
তিনি বলেন, আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বিএনপি তার নিশ্চিত ভরাডুবির আগাম আভাস পেয়ে তাদের চিরাচরিত মিথ্যা অপপ্রচারের রাজনীতির পথ বেছে নিয়েছে।
 
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি হতাশাগ্রস্ত অবস্থা থেকে আবোলতাবোল বকছে। তারা শ্রমিকের অধিকার চেয়ে সমাবেশ করতে চেয়েছে। তারা আসলে শ্রমিক অধিকারের জন্য নয়, শ্রমিকের অধিকার হরণের জন্য সব সময় সচেষ্ট ছিল।’
 
সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়ে হাছান বলেন, গোয়েন্দা তথ্যে বিএনপি বিশৃঙ্খলা করতে পারে এমন খবর ছিল বলেই তাদের সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।’
 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জন্ম সূত্রে পাকিস্তানের নাগরিক বলে দাবি করেন হাছান। তিনি বলেন, তারেক রহমান পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেছিল। সে কারণে জন্মসূত্রে তারেক রহমান পাকিস্তানের নাগরিক।
 
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।