বগুড়ায় শাহীন হত্যা
ষ্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় বিএনপি নেতা মাহবুব আলম শাহীন হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মঙ্গলবার শাহীন হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী আকতার জাহান শিল্পী ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।
এদিকে মাহবুব আলম শাহীনের খুনীদের গ্রেফতার এবং দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে জেলা বিএনপির উদ্যোগে বুধবার সকালে বগুড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, নিহত শাহীনের স্ত্রী যে মামলা দায়ের করেছে তাতে তার স্বামীকে পরিবহন ব্যবসার কারণে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেছেন। এতে ৬ জনের নাম উল্লেখ করেছেন। ওসি ৬ জনের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করলেও পুলিশের একটি সূত্রে জানা গেছে বগুড়া মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। ওসি আরো জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও কাউকে ধরতে পারেনি।
এদিকে বুধবার সকাল সাড়ে ১০টায় বগুড়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে। মিছিলটি প্রেসক্লাব থেকে জিরো পয়েন্ট সাতমাথা হয়ে দলীয় কার্যালয়ের দিকে চলে যায়। মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, বিএনপি নেতা শাহীনকে কেন খুন করা হয়েছে, কারা করেছে তা সবই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে। মামলাও করা হয়েছে। এখন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে।
