বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ, গ্রেপ্তার ৬

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২২:১২

চট্টগ্রাম অফিস

বিয়ের প্রলোভনে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তর করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— সিএনজিচালিত অটোরিকশা চালক মো. নিজাম উদ্দিন (৩০), তার স্ত্রী তানিয়া বেগম (২৭), পপি বেগম (৩০), সোনিয়া বেগম (২২), মো. লিটন (২৯) ও ফিরোজা বেগম (৬৫)।

পুলিশসূত্র জানায়, বিয়ের প্রলোভনে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত সোমবার রাতে সদরঘাট থানায় এসে মামলা দায়ের করেন ১৬ বছর বয়সী ওই গার্মেন্টস কর্মী। মামলায় গ্রেপ্তার ৬ জনের মধ্যে নিজামের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ও অন্যদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে গত ১০ মাস ধরে ওই মেয়ের সঙ্গে প্রেম করে আসছেন নিজাম উদ্দিন। গত ১ এপ্রিল বিয়ে করবে বলে ওই মেয়েকে তার বাসা থেকে নিয়ে ডবলমুরিং থানার চৌমুহনী নাজিরপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় রেখে ধর্ষণ করে। ওই মেয়ে বিয়ের জন্য চাপ দিলে সময়ক্ষেপণ করতে থাকে।  পরে ৭ এপ্রিল ওই বাসা থেকে মেয়েটিকে সদরঘাট থানার মাদারবাড়ি বাটা কোম্পানির ভবনে ধরে এনে মারধর করে, তার চুল কেটে দেয় ও স্বীকারোক্তিমূলক ভিডিওচিত্র ধারণ করে। আহত অবস্থায় ওই মেয়ে হাসপাতালে চিকিত্সাধীন ছিল। সোমবার সুস্থ হয়ে সদরঘাট থানায় এসে মামলা দায়ের করলে আসামিদের গ্রেফতার করা হয়।