ইত্তেফাক রিপোর্ট
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, প্রবীণ নাগরিকদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে হবে। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ বরাদ্দ বাড়ানো হচ্ছে এবং সামাজিক নিরাপত্তার আওতায় প্রবীণদের কল্যাণে কর্মসূচি নেওয়া হচ্ছে। সরকার প্রবীণ নাগরিকদের পাশাপাশি প্রবীণ গণমাধ্যম কর্মীদের সম্মানী ভাতাসহ বিভিন্ন সুবিধা প্রদানের উদ্যোগ নেবে। গতকাল বুধবার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর সেমিনার হলে ‘বাংলাদেশের প্রবীণ নাগরিক ও সাংবাদিক সমাজের বর্তমান চিত্র : আমাদের করণীয় শীর্ষক’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম, পিআইবি ও প্রবীণ বন্ধু ফাউন্ডেশন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। বিজেআরএফ সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও বিজেআরএফ সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবীণ বন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মহসীন কবির লিমন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব অধ্যাপক ড. এ.এস.এম আতিকুর রহমান, পিআইবি’র ভারপ্রাপ্ত মহাপরিচালক মীর মো. নজরুল ইসলাম, ডিইউজের সাবেক সভাপতি কাজী রফিক ও সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ প্রমুখ।
