ট্যাক্স ফাইলের বাইরে নিজের কোনও সম্পদ নেই বলে দাবি করেছেন পুলিশের ডিআইজি মিজানুর রহমান। তিনি বলেছেন, ‘আমার সম্পদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা দীর্ঘক্ষণ কথা বলেছেন। ট্যাক্স ফাইলের বাইরে আমার আর কোনও সম্পদ নেই।’
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় দুদক কার্যালয় থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বজনদের সম্পদের ব্যাপারে ডিআইজি মিজান বলেন, তাদের সবার ট্যাক্স ফাইল আছে। নারীঘটিত অভিযোগের ব্যাপারে তিনি দাবি করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ অভিযোগের তদন্ত চলছে। তারাই বলতে পারবেন, তারা প্রমাণ পেয়েছেন কি-না।
অন্য এক প্রশ্নের জবাবে ডিআইজি মিজান বলেন, ‘এক নারী সাংবাদিকের সঙ্গে কনভারসেশন (কথোপকথন) হয়েছে। এজন্য আমি স্যরি।’
এদিকে, অবৈধ সম্পদ অর্জনসহ দুর্নীতির একাধিক অভিযোগে ডিআইজি মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে দুদকের সচিব ড. সামসুল আরিফিন বলেন, আমাদের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। তিনি তার পক্ষে কিছু কাগজপত্র দাখিল করেছেন। সেগুলো যাচাই-বাছাই করা হবে।
ডিআইজি মিজানের অবৈধ সম্পদ থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেছে কি-না এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, তার অর্জিত সম্পদের পরিমাণ জ্ঞাত আয়ের বাইরে। এই অভিযোগের ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী রবিবার তিনি আরও কিছু কাগজপত্র জমা দেবেন। সেগুলোও যাচাই-বাছাই করা হবে।
ইত্তেফাক/ইউবি
