নগরীর টাইগারপাস এলাকায় হঠাৎ আগুন লেগে একটি মাইক্রোবাস পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টাইগার পাস মোড় থেকে লালখান বাজার অভিমুখী সড়কে এ ঘটনা ঘটে।
ব্যস্ত সড়কে আগুন লাগার ঘটনায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজনের এদিক সেদিক ছোটাছুটির কারণে কয়েকজন সামান্য আহত হন। খবর পেয়ে দেওয়ানহাট ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিএমপির কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা ইত্তেফাককে জানান, ইঞ্জিনে সার্কিটের ত্রুটির কারণে হঠাৎ মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। তবে কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত গাড়িটিকে থানায় নেয়া হয়েছে। আগ্রাবাদ ফায়ার কন্ট্রোল কার্যালয় থেকে জানানো হয়, মাইক্রোবাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরকেজি
