হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্র নিহত

আপডেট : ০৪ মে ২০১৮, ২০:৫৮
হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে সায়েম (১৪) নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকাল তিনটার সদরের ২নং ওয়ার্ডের পশ্চিম দেওয়াননগর বুলবুলি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে হাটহাজারী নলেজ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র এবং রাউজান উপজেলার গহিরাস্থ ধলইনগর এলাকার দানবীর খয়রাতি মিয়া বাড়ির দুবাই প্রবাসী মোহাম্মদ মুজিবুর রহমানের ছেলে সায়েম পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারা দীর্ঘদিন ধরে পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার শফি ভবনের ভাড়া বাসায় বসবাস করে আসছিল। 
 
মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি