ঘুষ লেনদেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশনের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। দুদক টিম জানায়, ঘুষ লেনদেন ছাড়া প্রাথমিক শিক্ষকদের বদলি হয় না বলে প্রমাণ পাওয়া গেছে। পরে দুদক টিমের সদস্যরা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পলিসি এবং অপারেশন শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন এবং মহবুবুর রহমান বিল্লাহর সঙ্গে আলাপ করেন। এই দুই কর্মকর্তার অধিদপ্তরেও ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে বলে তারা স্বীকার করে নেন। তারা ঘুষ লেনদেন প্রতিরোধে কঠোর অবস্থানে যাবার প্রতিশ্রুতি দেন দুদক টিমকে। এ সময় অধিদপ্তরে ঘুষ লেনদেন বন্ধ করার জন্য কঠোর মনিটরিং করা এবং অভিযোগ গ্রহণের জন্য একটি হট লাইন চালু করার পরামর্শ দেয় দুদক। দুদক সূত্র জানায়, ঘুষ ছাড়া প্রাথমিক শিক্ষকদের বদলি হয় না বলে দুদকের হট লাইনে একাধিক অভিযোগ আসে। এসব অভিযোগ বিবেচনা করে কমিশন অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় গতকাল পর্যবেক্ষণ অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে দুদক টিম অধিদপ্তরে আগত শিক্ষকদের সঙ্গে আলাপ করে জানতে পারেন প্রাথমিক শিক্ষকদের প্রায় সকল বদলির ক্ষেত্রেই ঘুষ লেনদেন হয়।
এদিকে ময়মনসিংহ জেলায় আদমজী পাট গুদাম রোডের মেডিকেল গেট হতে র্যালির মোড় পর্যন্ত রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ-এর একটি এনফোর্সমেন্ট টিম। এসময় তারা দেখতে পান, সিটি কর্পোরেশন পরিচালিত এ নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। টিম নির্মাণ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।
অপরদিকে, যশোরে কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রি করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদকের জেলা টিম। সদর উপজেলার চুরামনকাঠি ইউনিয়নের চেয়ারম্যান বাগডাঙ্গা মৌজায় কৃষিজমি থেকে মাটি বিক্রি করছে এবং এর ফলে পার্শ্ববর্তী জমিসমূহ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে বলে দুদকে অভিযোগ আসে। টিম গিয়ে দেখতে পায়, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মুন্না ৪/৫ মাস পূর্বে প্রায় চার বিঘা জমি ক্রয় করে তা থেকে বালি-মাটি উত্তোলন করে বিক্রয় করে আসছেন। এ তত্পরতা অব্যাহত থাকলে পার্শ্ববর্তী জমি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দুদক টিমের পক্ষ থেকে কমপক্ষে ২০ ফুট মাটি ভরাট করার জন্য বলা হয়। এছাড়াও এ অনিয়মের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে উপস্থিত পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে পরামর্শ প্রদান করা হয়। এ উদ্যোগে উপস্থিত ব্যক্তিগণ সন্তোষ প্রকাশ করেন।
