ম্যাচ অফিসিয়ালের সাথে অশোভন আচরণের দায়ে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। গত সপ্তাহে ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে রেফারির সাথে অশোভন আচরনের দায়ে তাকে নিষিদ্ধ করা হয়েছে বলে ইউয়েফা নিশ্চিত করেছে।
এই নিষেধাজ্ঞার কারণে আগামী ১৬ মে অলিম্পিক ডি মার্সেইর বিপক্ষে ফাইনালে ডাগ আউটে থাকতে পারবেন না সিমিওনে। তার পরিবর্তে সহকারী জার্মান কোচ মোনো বারগোস অ্যাথলেটিকোকে পরিচালনা করবেন।
ইতোমধ্যেই বৃহস্পতিবার দ্বিতীয় লেগে আর্সেনালকে ১-০ গোলে পরাজিত করার ম্যাচে সিমিওনের এক ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এই ম্যাচে ডাগ আউটে ছিলেন না অ্যাথলেটিকো কোচ। নিষেধাজ্ঞার পাশাপাশি ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা সিমিওনেকে ১০ হাজার ইউরো জরিমানাও করেছে। ফ্রেঞ্চ রেফারি ক্লেমেন্ট টারপিনের সাথে এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচের শুরুর দিকেই সিমিয়োনের বাক বিতন্ডা হয়। টারপিন ছাড়াও সিমিওনে চতুর্থ রেফারিকেও এক পর্যায়ে ধাক্কা মারেন। মিডফিল্ডার কোকের বিপক্ষে আর্সেনাল ডিফেন্ডার হেক্টর বেলেরিনের ফাউল এবং পরবর্তীতে তাকে হলুদ কার্ড না দেখানোয় সিমিয়োনে ক্ষিপ্ত হয়ে উঠেন। এর আগে ম্যাচের মাঝামাঝি এ্যাথলেটিকো ডিফেন্ডার সিমে ভারসালকো দুই হলুদ কার্ড দেখে মাঠ ত্যাগ করলে সিমিওনে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন।
ইত্তেফাক/এএম
