গ্রামভিত্তিক উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে :আমু

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২২:২১

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, গ্রামভিত্তিক উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দেশকে আত্মমর্যাদাশীল দেশ হিসাবে পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল করেছেন। আজ তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হতে নিম্ন মধ্যমআয়ের দেশে রূপান্তরিত হয়েছে। ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত বাংলাদেশে রূপান্তরিত হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা সাড়ে ১১টার সময় মুজিবনগর আম্রকাননের ঐতিহাসিক শেখ হাসিনা মঞ্চে এ সভা শুরু হয়।

উপদেষ্টামন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুন স্বপন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল, এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের হুইপ সোলায়মান হোসেন সেলুন, এমপি আলী আজগর টগর, জাতীয় পার্টি-জেপির জেলা সভাপতি আব্দুল হালিম প্রমুখ।

এর আগে মুজিবনগর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় নেতৃবৃন্দকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার প্রদানকারী জীবিত তিন আনসার সদস্যকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।