প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ সামালোচক হিসেবে এবার নিজেকে অভিহিত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। শনিবার সখীপুরে উপজেলা ছাত্র আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনার সঙ্গে আমার অনেক বিরোধ। আমি শেখ হাসিনার শ্রেষ্ঠ একজন সমালোচক, তারপরও শেখ হাসিনার গায়ে যদি কেউ আঘাত করে আমি সবার আগে প্রতিবাদ করতে যাবো। তার দলের নেতা-কর্মীরা আমাকে নিয়ে সমালোচনা করার চেষ্টা করলে শেখ হাসিনা তাদের থামিয়ে দিয়ে বলেন তার সমালোচনার যোগ্যতা তোমাদের কারোর নেই!
এ সময় কাদের সিদ্দিকী আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিরও নানা সমালোচনা করেন। তিনি বলেন, আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতার আমলেই আমি মন্ত্রী হতে পারতাম; জিয়াউর রহমানের আমলেও মন্ত্রী হতে পারতাম। কিন্তু মানুষকে সেবা করার খায়েস আছে বলেই তিনি মন্ত্রীত্ব গ্রহণ করিনি। মন্ত্রী হওয়ার জন্য আমার জন্ম হয়নি। মনুষ্যত্ব ও মানবতার সম্মানে আমি দল গঠন করেছি। দুখী মানুষের পাশে দাড়ানোর জন্য জন্ম নিয়েছি।
তিনি বলেন, খালেদা জিয়াকে যে কারণে জেলে রাখা হয়েছে তা ঠিক হয়নি। এ নিয়ে কোন মামলাই হতে পারে না। সেটিরও আমি প্রতিবাদ করেছি।
তিনি আরও বলেন, আমি আমার দলে খালেদা জিয়ার মত তারেক রহমানকে, শেখ হাসিনার মত সজীব ওয়াজেদ জয়কে রেখে যাবো না। আমি আমার দল ও সন্তানকে দেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষের জন্য রেখে যাবো।
তিনি উপস্থিত ছাত্র-যুবকদের উদ্দেশে বলেন, ছাত্র ও যুবকেরা পারে দেশে নয়া ঠিকানা দিতে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে ছাত্র আন্দোলনের আহবায়ক রাজিব সরকারের সভাপতিত্বে কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহবায়ক হাবিবুন নবী সোহেল, নাজমুল তালুকদার প্রমূখ বক্তব্য দেন।
ইত্তেফাক/কেআই
