‘গোজ ফর হিরো, বোল্ড হিম। ফুল এন্ড স্ট্র্যাটেইট। দ্য বাংলাদেশ টাইগার্স আর নক দি ইংল্যান্ড লায়ন্স আউট অব দ্য ওয়ার্ল্ড কাপ।’
তিন বছর আগে অ্যাডিলেডে রুবেল হোসেন জিমি অ্যান্ডারসনের স্ট্যাম্প উপড়ে ফেলার পর ধরাজ কণ্ঠে এভাবেই বাংলাদেশের জয়ের ঘোষণা দিয়েছিলেন ইংলিশ ধারাভাষ্যকার নাসির হুসেন। সাবেক এ ইংল্যান্ড অধিনায়কের সেই ঘোষণা এখনও গেঁথে আছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীর হূদয়ে।
একইসঙ্গে সেই মাহেন্দ্রক্ষণের নায়ক রুবেলের বিধ্বংসী বোলিংটাও যে বিস্মৃত হওয়ার নয়। মাহমুদউল্লাহ রিয়াদের জোড়া সেঞ্চুরির পাশাপাশি ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের সফলতার ট্রেডমার্ক ছিল রুবেলের ওই বোল্ড করার দৃশ্য।
চার বছর পর আবারও ২০১৯ সালে ইংল্যান্ডে বসছে ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ। এক বছর শুরু হতে চলা বিশ্বকাপেও নিজের সেরাটা দিতে চান রুবেল। বল হাতে আরেকবার বিশ্বকাপ মাতাতে চান ডানহাতি এ ফাস্ট বোলার। ইংল্যান্ডের মাটিতে অতীতে খেলার অভিজ্ঞতা দিয়ে আগামী বিশ্বকাপেও দেশকে ভালো কিছু উপহার দিতে চান রুবেল।
আগামী ১৩ মে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। তার আগেই জিমে একাকী ঘাম ঝরাচ্ছেন রুবেল। গতকাল বিসিবি একাডেমি মাঠে বিশ্বকাপ ভাবনা জানাতে গিয়ে ২৮ বছর বয়সী এ পেসার বলেছেন, ‘আমি ইংল্যান্ডে অনেক ম্যাচ খেলেছি। সেখানে আমার দুয়েকটা ভালো স্মৃতিও আছে। আমি যদি সুস্থ থাকি আর বিশ্বকাপের মতো বড় একটা জায়গায় যদি আমাকে নির্বাচন করে অবশ্যই আমি চাইবো ভালো খেলার। আমার ভালো যে স্মৃতিগুলো আছে সেগুলো তুলে আনার চেষ্টা করবো। এখানে আমি ভালো খেলেছি। আমি চাইবো এখানে ভালো খেলার সেই ব্যাপারগুলো তুলে আনার। ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো।’
২০১৫ বিশ্বকাপে ৬ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন রুবেল। ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ৫৩ রানে পেয়েছিলেন চার উইকেট।
জাতীয় দল, ‘এ’ দলের হয়ে ইংল্যান্ডে খেলেছেন রুবেল। বিশ্বকাপে উইকেট হবে রান প্রসবা। পেসারদের জন্য অনুকূল উইকেট নাও থাকতে পারে। সেভাবে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে চান ডানহাতি এ অভিজ্ঞ পেসার।
গতকাল তিনি বলেছেন, ‘দেখবেন এখন শুধু ইংল্যান্ড নয় সব জায়গাতেই বড় রানের উইকেট হয়। আমরা দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার সময় ভেবেছিলাম সেখানে পেস সহায়ক বাউন্সি উইকেট থাকবে। সেখানে কিন্তু আমরা দেখেছি, উইকেট সেখানে ফ্ল্যাট ছিল। সবাই চায় রান হোক। জমজমাট খেলা হোক সবাই চায়। দর্শকরা চায়, আইসিসিও তেমনই চায়। বাংলাদেশের তো আমরা সবসময়ই খেলি। এখানেও তিনশ রান হয়। দেশের বাইরেও তিনশ রান হয়, হবে- আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে। ইংল্যান্ডে যে বাউন্স উইকেট থাকবে বা বোলারদের জন্য উইকেটে খুব সহায়তা থাকবে এমন হবে না। এখন আমাদের পেসারদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে।’
সম্প্রতি টেস্ট র্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আটে উঠে এসেছে বাংলাদেশ। ওয়ানডেতে কয়েক বছর আগেই ক্যারিবিয়ানদের পেছনে ফেলেছে টাইগাররা। জুনের শেষ দিকে পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ দল। রুবেল মনে করেন, অতীতের চেয়ে এবার উইন্ডিজ সফরে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেশি।
তিনি বলেছেন, ‘আমরা টেস্টে র্যাঙ্কিংকিংয়ে ওদের চেয়ে এগিয়ে গেছি। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অর্জন। তো ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিংকিংয়ে এখন আমাদের চেয়ে নিচে। এটা ওদের মনে কিন্তু থাকবে। আমাদের ব্যাটসম্যান বলেন, বোলার বলেন আত্মবিশ্বাস ওদের চেয়ে ভালো থাকবে। কারণ, র্যাঙ্কিংকিংয়ে কিন্তু আমরা ওদের চেয়ে এখন এগিয়ে। আমার মনে হয়, এটা ক্রিকেটারদের খুব সহায়তা করবে। সবচেয় বড় কথা, ওখানে গিয়ে আমরা কত দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারি।'
ইত্তেফাক/কেআই
