নুসরাত হত্যায় আরো দুইজন গ্রেফতার

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২২:২৪

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গতকাল বুধবার পিআইবি আরো দুইজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে মামলার অন্যতম আসামি শরীফ উদ্দিনকে সোনাগাজী থেকে এবং হাফেজ আবদুল কাদেরকে পুরোনো ঢাকা থেকে গ্রেফতার করা হয়। হাফেজ আবদুল কাদের ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক। শরীফ মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র। 

গতকালকের দুইজন নিয়ে এ পর্যন্ত এই হত্যাকাণ্ডে মোট ১৭ জনকে গ্রেফতার করা হলো। এদিকে, নুসরাত হত্যা মামলায় গ্রেফতার কামরুন নাহার মনির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল দুপুর একটার দিকে ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ উদ্দিন এ আদেশ দেন।

আবদুল কাদের অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দৌলার অনুগত হিসেবে মাদরাসার হোস্টেলে বসবাস করতেন। তিনি এই হত্যাকাণ্ডের অন্যতম অর্থ ও মদতদাতা। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সফরপুর গ্রামের মনছুর খান পাঠান বাড়ির আবুল কাশেমের ছেলে তিনি। অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে গ্রেফতারের পর নুসরাতকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করেছিলেন হাফেজ আবদুল কাদের।