স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জ থেকে অপহূত ব্যবসায়ী মনির হোসেনকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। দুই অপহরকারীকে গ্রেফতারও করা হয়। মনির কুমিল্লার দাউদকান্দি থানার মৃত নোয়াব আলী ব্যাপারীর ছেলে। তিনি নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় সরিষা, মরিচ, ডাল, ভুট্টা ইত্যাদি কেনাবেচা করেন।
ব্যবসায়ীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা মীর শাহীন শাহ্ পারভেজ জানান, গত মঙ্গলবার রাত ৮টায় হিরাঝিল থেকে রিকশায় মৌচাকে যাচ্ছিলেন মনির। ওই সময় অপহরণকারীরা রিকশা গতিরোধ করে স্প্রে (অজ্ঞান করার ওষুধ) করে তাকে অজ্ঞান করে ফেলে। পরে সেখান থেকে ঢাকার খিলগাঁও এলাকায় নিয়ে নারীদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে। মারধর করে শরীরে বিভিন্ন স্থানে ছ্যাঁকাও দেয়া হয় তাকে। জ্ঞান ফিরলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। না দিলে ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা। মনির দেড় লাখ টাকা দিতে রাজি হলে অপহরণকারীরা তাকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেয়। ওই দিন রাত ১২টায় ছেলেকে ফোন দিয়ে টাকার ব্যবস্থা করে তাদের কথা অনুযায়ী পৌঁছে দিতে বলেন। এরপর তার ছেলে রাতেই থানায় অপহরণের অভিযোগ দেয়। গতকাল বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে মনির হোসেনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। মুক্তিপণের টাকা দেওয়ার ফাঁদ পেতে ইসমাইল ও সামসুল হক মিলন নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
