বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পৃথক অবস্থান কর্মসূচি

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২২:২৫

বরিশাল অফিস

উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের ২৩তম দিনে গতকাল বুধবার সকাল থেকে পৃথক অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা উপাচার্য ড. এসএম ইমামুল হকের পদত্যাগের দাবি সংক্রান্ত নানা স্লোগান দেন।

অন্যদিকে শিক্ষক সমিতির নেতারা উপাচার্যের নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরেন। তাঁরা বলেন, সিন্ডিকেট নিজের মতো করে পরিবর্তন করে ইচ্ছেমাফিক সকল কার্যক্রম সম্পাদন করেন সিন্ডিকেট। সিন্ডিকেটের পাঁচজন শিক্ষক প্রতিনিধির মধ্যে তিনজনই তার ছাত্র। বাকি দু’জন পদাধিকারবলে সদস্য। বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে শিক্ষকরা মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। শিক্ষক সমিতিকে বিভক্ত করতে বিগত চার বছরে বার বার অপচেষ্টা করেও সফল না হয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে। শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে উপাচার্য নজিরবিহীন দুর্নীতির আশ্রয় নিয়ে তাঁর পছন্দের লোকদের নিয়োগ দিয়েছেন। গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক শরীফা উম্মে শিরানাকে চাকরির অভিজ্ঞতা বিজ্ঞপ্তির শর্ত মোতাবেক তিন বছর না হওয়া সত্ত্বেও অনৈতিকভাবে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগে সুহাসানওয়ারকে কোনো অভিজ্ঞতা বা পিএইচডি ছাড়া সরাসরি সহকারী অধ্যাপক পদে নিয়োগ, আরাফাত শাহরিয়ারের কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সহকারী পরিচালক পদে নিয়োগ দিয়েছেন।