তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিত্সকের হাতে হাসপাতালের শান্তা, কাকলী খাতুন ও বিথি রানী দাস নামে তিন নার্স মারপিটের শিকার হয়েছেন। এদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নার্সরা জানান, সেবা সপ্তাহ উপলক্ষে নার্সদের রুম সাজানো হয়েছিল হরেক রকম বেলুন দিয়ে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সেই বেলুন ফুটো করতে থাকেন এক ইন্টার্ন চিকিত্সক। এতে বাধা দিলে তাদের ওপর হামলা চালান এক ইন্টার্ন চিকিত্সক।
এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী ছবি তুলতে গেলে ইন্টার্ন চিকিত্সকরা সাংবাদিকদের সঙ্গেও চরম খারাপ আচরণ করেন। একপর্যায়ে সাংবাদিকদের হাসপাতাল চত্বর থেকে বের করে দেন তারা। ঘটনার পর হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। দায়িত্বরত নার্সপ্রধান শান্তা জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা সপ্তাহ ঘোষণা করেছেন, আমরা কেউই কর্মবিরতিতে যাব না। কিন্তু ওই ইন্টার্নি চিকিত্সকের শাস্তি চাই।
