দেশীয় অস্ত্র উদ্ধারে পুলিশকে আরো কঠোর হতে হবে ---------- এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২২:২৬

ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বুধবার বিকালে উপজেলা হলরুমে আয়োজিত প্রথম উন্নয়ন সমন্বয় সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন, গ্রামাঞ্চলের সাধারন মানুষ এখনও দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন সময় সামান্য অজুহাতে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জানমালের ক্ষতিসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই আগামীতে থানা পুলিশকে তাদের অবস্থান আরো কঠোর করে প্রতিটি গ্রাম হতে দেশীয় অস্ত্র উদ্ধার করতে হবে। পুলিশের বেঁধে দেওয়া সময়ের মধ্যে গ্রামবাসী আত্মসমর্পন করে এসব অস্ত্র জমা দেবে। অন্যথায় আগামী মাস হতেই চিরুনি অভিযান চালানো হবে। এ সময় তিনি তার সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমানকে সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘উপজেলা পরিষদে আজ থেকে আর কোন দুর্নীতি সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর। আমরা আমাদের স্থান থেকে দুর্নীতিকে না বলে সুন্দর বাংলাদেশ গড়ব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল)রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার খালেদুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান পারুলী বেগম, উপজেলা প্রকৌশলী প্রদীপ মিত্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামসেদ আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদি রঞ্জন মজুমদার, উপজেলা আবাসিক প্রকৌশলী ফরিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাঈদুর রহমান, হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।