নিখোঁজের সাত বছর পরেও ফিরে পাওয়ার আশা বিএনপি নেতা ইলিয়াসকে

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২২:২৬

সিলেট অফিস

নিখোঁজের সাত বছর পরেও বিএনপি নেতা ইলিয়াসকে ফিরে পাওয়ার আশা তার স্বজন এবং দলের নেতাকর্মীদের। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে নিজ বাসায় ফেরার পথে রাজধানীর মহাখালী থেকে গাড়ি চালক আনছার আলীসহ নিখোঁজ হন বিএনপির সাবেক সাংঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। ওইদিন মধ্যরাতে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর ব্যবহূত গাড়িটি উদ্ধার হলেও সন্ধান মেলেনি তাদের দুইজনের। ইলিয়াসকে ফিরে পাওয়ার দাবিতে শুরু থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন দলের নেতাকর্মীরা।

সাত বছর অতিবাহিত হওয়ায় তিন দিনের কর্মসূচি: ইলিয়াস নিখোঁজের সাত বছর অতিবাহিত হওয়ায় তিন দিনের কর্মসূচি নিয়েছে সিলেট জেলা বিএনপি। কর্মসূচির প্রথম দিন গতকাল ছিল হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া। দ্বিতীয় দিন আজ দুপুরে নিখোঁজ নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। ২৯ এপ্রিল ‘গুমের অপরাজনীতি ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা মহানগর বিএনপি তার সন্ধান চেয়ে মিলাদের আয়োজন করে।

সাত বছর পেরিয়ে গেলেও তার ফেরার ব্যাপারে আশাবাদী তার স্বজন ও দলের নেতাকর্মীরা। স্বামীকে উদ্ধারের আবেদন জানাতে প্রধানমন্ত্রীর কাছে ছুটে গেছেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। একইভাবে তিনি স্বামীর তথ্য জানতে উচ্চ আদালতে একটি রিটও করেন।