গোয়েন্দা হেফাজতে থাকা আসামির মৃত্যু

আপডেট : ০৬ মে ২০১৮, ২১:৪২
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা এক আসামির মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ওই আসামির নাম মো. আসলাম (৪৫)।
 
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, রবিবার বিকেলে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মাহাবুব ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসলামকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌণে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।  
 
মাহাবুব উপস্থিত সাংবাদিকদের জানান, তিনি (আসলাম) অসুস্থ ছিলেন। এ অবস্থায় আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক কিছু পরীক্ষা দিয়েছিলেন, ওই পরীক্ষা করে নিয়ে আসার পর আবার নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে তিনি আসলামকে রাজারবাগ হাসপাতাল নিয়ে গিয়েছিলেন বলে জানান।
 
এ বিষয়ে জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন ইত্তেফাককে বলেন, শনিবার রাতে একটি অপহরণ মামলার সন্দেহভাজন হিসেবে আসলামকে মিরপুর থেকে ধরা হয়। সকালের দিকে তিনি কিছুটা অসুস্থতা বোধ করলে তাকে রাজারবাগ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিকেলে চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়েছে। 
 
ঢাকা মেডিকেলে আসলামের এক দুঃসম্পর্কের স্বজন নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, দুইদিন আগে ডিবির পশ্চিম বিভাগের কর্মকর্তারা তাকে ধরে নিয়ে আসে। পুরোপুরি সুস্থ্য আসলামের কোন অসুখ ছিল না। ডিবিতে নির্যাতনের কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তে বিষয়টি জানা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। 
 
ইত্তেফাক/এমআই