কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদর হাসপাতালে চিকিত্সা সেবা নিয়ে সৃষ্ট জটিলতা দ্রুত নিরসনের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে আমরা কক্সবাজারবাসী। গণস্বাক্ষরসহ স্বারকলিপিটি প্রধানমন্ত্রীর কাছে পাঠাতে বুধবার বেলা ২টার দিকে জেলা প্রশাসকের হাতে দেন সংগঠনটির কর্মকর্তারা।
স্মারকলিপিতে হাসপাতালে ইন্টার্নি ডাক্তার দিয়ে চিকিত্সা সেবা বন্ধ ও তাদের প্রত্যাহার পূর্বক পর্যাপ্ত চিকিত্সক নিয়োগ এবং চিকিত্সাসেবা নিশ্চিত এবং হাসপাতালে কথায় কথায় ধর্মঘট ও তালা মেরে চিকিত্সাসেবা বন্ধ করার বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। পাশাপাশি, জেলার বৃহত্তর চিকিত্সাসেবা প্রতিষ্ঠান হিসেবে সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন, রোগীদের খাবার সরবরাহে অনিয়ম বন্ধ করা, হাসপাতালে অচল মেডিসিন ল্যাবগুলো দ্রুত চালু ও রোহিঙ্গাদের জন্য বিকল্প চিকিত্সাসেবা কেন্দ্র করা, হাসপাতালে সংগঠিত ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত পূর্বক মামলা প্রত্যাহার, একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে চাকরিরতদের বদলি, প্রাইভেট হাসপাতালের সাথে জড়িত ডাক্তার-কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত এবং হাসপাতালে অনুপস্থিত ডাক্তারদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, কক্সবাজারে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞের ধারাবাহিকতায় স্বাস্থ্যখাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। বিভিন্ন পত্রিকা ও সোস্যাল মিডিয়া থেকে কক্সবাজার সদর হাসপাতালের চিকিত্সা ক্ষেত্রে অব্যবস্থাপনা সম্পর্কে নিশ্চয় প্রধানমন্ত্রী অবগত হয়েছেন। দুর্বল ব্যবস্থাপনার কারণে কক্সবাজার সদর হাসপাতালে শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। রোগী ও স্বজনদের সাথে ইন্টার্নি ডাক্তারদের দুর্ব্যবহার চরম পর্যায়ে পৌঁছেছে। মূলত দুর্বল ব্যবস্থাপনা কমিটির কারণে এসব ঘটনা ঘটছে।
এছাড়াও হাসপাতালের কিছু ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন একই হাসপাতালে অবস্থান করায় তাদের অনেকে প্রাইভেট হাসপাতাল ব্যবসায় জড়িয়ে পড়েছে। ফলে হাসপাতালে প্যাথলজি পরীক্ষার বিভিন্ন সরঞ্জাম পরিকল্পিত ভাবে অকেজো করে রাখা হয়েছে। তাই রোগীদের বিভিন্ন পরীক্ষা বাহির থেকে করিয়ে আনতে বাধ্য করছে ডাক্তাররা।
০
