আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চক্রান্ত এখনও শেষ হয়নি। বিএনপি-জামায়াত আবারও চক্রান্ত শুরু করেছে, তাদের এই চক্রান্ত রুখতে হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে সুসংগঠিত রাখতে হবে।
তিনি বুধবার বিকেলে মুজিব নগর দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রতনসকান্দিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ঐতিহাসিক এ দিবসে বিএনপি-জামায়াত চক্রের অশুভ সকল চক্রান্ত ও পাঁয়তারা নসাৎ করার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সুদৃঢ় ও সুসংঘটিত হবার আহ্বান জানিয়ে নাসিম বলেন, কোন চক্রান্তই শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে পারবে না।’ এর আগে তিনি মহিষামুড়া গোল চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম জুড়ান। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, আব্দুল বারী তালুকদার, গোলাম রব্বানী, আশরাফুল আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, ছাত্রনেতা আব্দুল আলীম প্রমুখ।
সমাবেশে তিনি বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দেবার আহ্বান জানিে বলেছেন- ২৪ এপ্রিল রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেছেন। সংসদে আসুন, জনগণের কথা বলুন, সরকার সংসদকে প্রাণবন্ত দেখতে চায়। নির্বাচন হয়েছে, জনগণ আপনাদের নির্বাচিত করেছে, কেন সংসদে যাবেন না প্রশ্ন রেখে মোহাম্মদ নাসিম বলেন, সংসদে যোগ দিয়ে সরকারের ভুল ধরিয়ে দিন।
সমাবেশে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, যারা আন্দোলনের মাঠ থেকে পালিয়ে যায়। তাদের দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন হবে না। সাহস থাকলে মাঠে নামেন, আন্দোলনের হুমকি দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। যে দলের নেতারা পুলিশের লাঠির আঘাতে জামা কাপড় খুলে দৌড়ে পালায়, সে নেতা দিয়ে আন্দোলন হয় না।
ইত্তেফাক/আরকেজি
