রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):উপজেলার চনপাড়া পুনর্বাসন এলাকায় শীতলক্ষ্যা তীরে আবারো উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ এবং নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। শীতলক্ষ্যা নদীকে অবৈধ দখলমুক্ত করতে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে তৃতীয় দিনের মতো এ অভিযান চালানো হয়। গতকাল ছয়টি পাকা বহুতল ভবন, পাঁচটি আধাপাকা বসতবাড়িসহ প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামানের নেতৃত্বে এবং বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. গুলজার আলী ও উপ-পরিচালক মো. শহীদুল্লাহর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকালে পুলিশ, আনসারসহ বিপুলসংখ্যক উচ্ছেদকর্মী উপস্থিত ছিলেন। মো. গুলজার আলী জানান, উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসন, ভূমি কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএর যৌথ সমন্বয়ে নদীর সীমানা সংক্রান্ত পুনঃজরিপ কাজ সম্পন্ন করা হয়েছে। সে আলোকে পুনরায় সীমানা পিলার স্থাপন করতে নদীর জায়গা দখলমুক্ত করা হচ্ছে। নদীর সীমানার দেড়শ ফুট পর্যন্ত এলাকায় উচ্ছেদ চলবে। গত তিনদিনে বেশ কিছু বহুতল ভবনসহ প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শীতলক্ষ্যার তারাব সুলতানা কামাল সেতু থেকে কাঞ্চন সেতু পর্যন্ত উভয় তীরে উচ্ছেদ অভিযান চলবে —ইত্তেফাক
