অনুপ্রবেশকারী ঠেকাতে পরিচয়পত্র যাচাই করে কমিটি করবে শেকৃবি ছাত্রলীগ

আপডেট : ০৭ মে ২০১৮, ২১:০৩
অনুপ্রবেশকারী ঠেকাতে যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ কমিটি করবে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এজন্য সংগঠনটির নেতারা পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্তের সঙ্গে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি, নিজ ওয়ার্ড/ ইউনিয়ন/ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অথবা সাধারণ সম্পাদক কর্তৃক প্রত্যায়নপত্র এবং প্রত্যায়নকারীর মোবাইল নাম্বারসহ রেফারেন্স, বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত অনুষদ অথবা বিভাগ কর্তৃক প্রত্যায়নপত্র, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি চেয়েছে।
 
আগ্রহী প্রার্থীদের কাছ থেকে গত ২৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত জীবনবৃত্তান্ত গ্রহণ করেছে সংগঠনটির সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। এগুলো যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ কমিটি করবে সংগঠনটি। 
 
সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু বলেন, পদ প্রত্যাশীদের ব্যাকগ্রাউন্ড যাচাই-বাছাই করতে আমরা তাদের জীবনবৃত্তান্তের সাথে প্রত্যায়নপত্র চেয়েছি। আমরা খোঁজ-খবর নিয়ে দেখবো। কোন ধরনের অনুপ্রবেশকারী যাতে সংগঠনের মধ্যে ঢুকতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি। প্রায় ৬শ জীবনবৃত্তান্ত জমা পড়েছে। সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
 
ইত্তেফাক/নূহু