তল্লায় এক দিনে দুই গৃহবধূ খুন

আপডেট : ০৭ মে ২০১৮, ২১:৫১
নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা ও তুষারধারা এলাকায় আমেনা বেগম (৪৫) ও রাজিয়া (১৯) নামে দুই গৃহবধূ নিহত হয়েছে। সোমবার সকালে নারায়নগঞ্জের পৃথক স্থানে এ দুটি ঘটনা ঘটে। খবর পেয়ে সকালেই মরদেহ দুটি উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
 
নিহত গৃহবধূ আমেনা তল্লা এলাকার কাঠ ব্যবসায়ী আলাউদ্দিন মিয়ার স্ত্রী। তিনি দাবি করেছেন তাঁর স্ত্রী মানসিক রোগী। তবে এলাকাবাসী বলছেন ঘটনাটি রহস্যজনক। কারো ধারণা এটি হত্যাকাণ্ড। ফতুল্লা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের গলায় ছুরির আঘাত ছিলো বলে পুলিশ জানায়।
 
অপরদিকে সকালেই ফতুল্লার তুষার ধারা এলাকায় রাজিয়া (১৯) নামে আরও এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানায়, নিহত গৃহবধূ রাজিয়া ও রফিকুল ইসলাম নওগাঁ জেলার বাসিন্দা। তারা তুষারধারায় ভাড়া বাড়িতে বাস করতো। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পালিয়ে গেছে অভিযুক্ত স্বামী রফিকুল ইসলাম। তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
 
এ ব্যপারে ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, খবর পেয়ে আমরা বাড়ির বাথরুম থেকে আমেনার লাশ ও রাজিয়ার লাশ তার শয়ন কক্ষ থেকে উদ্ধার করি। নিহত আমেনার গলায় ছুরির আঘাত ছিলো। গৃহবধূ রাজিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। রাজিয়ার স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/নূহু