মাদ্রাসা শিক্ষকের বেতের বাড়িতে ছাত্র জ্ঞান হারিয়ে হাসপাতালে

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০০:২৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাঁচাইখা দারুল উলুম হেফজ মাদ্রাসার এক ছাত্র শিক্ষকের বেতের আঘাতে জ্ঞান হারালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে এ নির্যাতনের ঘটনা ঘটে। পাঁচাইখা দারুল উলুম হেফজ মাদ্রাসার সভাপতি আবদুর রহিম জানান, হেফজ বিভাগের শিক্ষক আড়াইহাজার বাইলা পাড়া এলাকার হাবিবুর রহমান বেশ কয়েকবার ছাত্রদের ওপর নির্যাতন চালিয়েছেন- এমন অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে সালিশ বৈঠক বসে। ওই শিক্ষক মাদ্রাসা পরিচালনা কমিটিকে আর কোনোদিন শিশুদের নির্যাতন করবেন না— এমন লিখিত প্রতিশ্রুতি দেন। মাদ্রাসা সভাপতি বলেন, তার ছেলে হুজাইফা (১১) ওই মাদ্রাসায় হেফজ বিভাগে লেখাপড়া করে। মঙ্গলবার রাতে দুষ্টুমির অভিযোগে মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমান হুজাইফাকে বেত দিয়ে বেধড়ক পেটান। এক পর্যায়ে তিনি বেত দিয়ে হুজাইফার মাথায় আঘাত করেন। এতে হুজাইফা জ্ঞান হারিয়ে ফেললে অন্য ছাত্রদের মাধ্যমে খবর পেয়ে হুজাইফার পরিবার তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ‘ওস্তাদ আঘাত করলে কিছু হয় না’ -এমন কথা বলে বলে গ্রামবাসীকে তাদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে ওই দুইজন। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নির্যাতনের শিকার  হুজাইফার পরিবার।

এ ব্যাপারে শিক্ষক হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।