'এভিয়েশন ও পর্যটন খাতের সমস্যা সমাধানে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো'

আপডেট : ০৮ মে ২০১৮, ১৬:৫১
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, জেট ফুয়েলের মূল্য বেশি থাকায় দেশীয় এয়ারলাইন্সগুলোকে বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে তীব্র প্রতিযোগিতায় পড়তে হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর চেয়ে বেশি মূল্যে জেট ফুয়েল কেনার দরুন দেশীয় এয়ারলাইন্সগুলোকে অসম প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। এ ব্যাপারে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যবৃন্দসহ অর্থমন্ত্রীর সাথে আলোচনা করে এভিয়েশন ও ট্যুরিজম শিল্পখাতের সমস্যাসমূহ সমাধানের পদক্ষেপ নেয়া হবে।
 
তিনি পর্যটন খাতে বরাদ্দ বৃদ্ধি, এ সেক্টরে প্রণোদনা প্রদান, টিকেটের কমিশনের ওপর ভ্যাট প্রত্যাহার, প্রতিবছর পর্যটন পদক প্রদানসহ এভিয়েশন  পর্যটন খাতের উন্নয়নে যথাযথ পদক্ষেপের প্রতিশ্রুতি দেন।
 
মন্ত্রী আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এটিজেএফবি (এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ) আয়োজিত প্রাক বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
সংগঠনের সভাপতি নাদিরা কিরনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম. ফারুক খান। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত সিইও নিখিল রঞ্জন রায়, টোয়াবের ভাইস প্রেসিডেন্ট ফরিদুল হক, ইউএস বাংলার সিইও ইমরান আসিফ, নভো এয়ারের এমডি মফিজুর রহমান, ম্যাঙ্গো টুরের এমডি মাসুদ হোসেন, বাংলাদেশ বিমানের জিএম শাকিল মেরাজ, ট্রিয়াবের সভাপতি খবির উদ্দিন আহমেদ, বিটিবি’র গভর্নিং বোর্ড সদস্য জামিউল আহমেদ, আটাবের নূরুল আলম শাহিন প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু