নুসরাত হত্যার দায় রাজনীতিবিদদের ------------ মির্জা ফখরুল

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০০:৪৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার দায় রাজনীতিবিদদেরই নিতে হবে। আমরা কেন হিংসা, প্রতিহিংসা, ক্ষোভ, হত্যাযজ্ঞের মধ্যে নেমে পড়েছি? কেন রাফিকে এভাবে নির্যাতিত হয়ে মরতে হয়। এই উত্তর আমাদের রাজনীতিবিদদেরই দেওয়ার কথা; কিন্তু আমরা এর উত্তর দিতে ব্যর্থ হয়েছি। সুন্দর বাংলাদেশ দিতে আমরা ব্যর্থ হয়েছি।

গতকাল বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জিয়া শিশু একাডেমি আয়োজিত ‘দশম জাতীয় শিশুশিল্পী প্রতিযোগিতা শাপলাকুঁড়ি’ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। সংগঠনের মহাপরিচালক এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ড. এমাজউদ্দীন আহমদ, শিশুশিল্পী প্রতিযোগিতার বিচারক চলচ্চিত্রকার ছটকু আহমেদ, অভিনেত্রী রিনা খান, শিল্পী শফি মণ্ডল, শিল্পী জিনাত রেহানা প্রমুখ। অনুষ্ঠানে আবৃত্তি, অভিনয়, সংগীত ও নৃত্যের ১৩টি একক ও তিনটি দলীয় বিষয়ে ক-খ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া ৮৫ জন খুদে শিল্পী ‘শাপলাকুঁড়ি-২০১৮’ পুরস্কার ও সনদ গ্রহণ করে। পরে তাদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।