খিলগাঁওয়ে ৬শ’ টাকার জন্য খুন

আপডেট : ০৮ মে ২০১৮, ২০:৪৫
পাওনা ৬শ’ টাকা না দেয়ায় পাওনাদারের ছুরিকাঘাতে জাকির নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকায়। সোমবার রাতে হৃদয়সহ চার যুবক জাকিরের কাছে পাওনা ৬শ’ টাকা চায়। এসময় জাকির ও হৃদয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হৃদয় জাকিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 
 
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, নিহত যুবক গোড়ান টেম্পো স্ট্যান্ডে লাইনম্যানের কাজ করতেন। তার গ্রামের বাড়ি সিলেটে। তিনি খিলগাঁওয়ের গোড়ানে থাকতেন।
 
সোমবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ বনশ্রীর একটি সড়কে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন জাকির। রাহিমা আক্তার ও জয় নামে দুই পথচারী তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। চিকিৎসক জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
 
খিলগাঁও থানার ওসি আরো বলেন, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য জাকিরের দুই বন্ধুকে আটক করা হয়েছে। তাদের দেয়া তথ্য মতে, ঘটনার সময় জাকির হৃদয়কে ছুরিকাঘাতের চেষ্টা করে। ওই সময় হৃদয় ছুরিটি কেড়ে নিয়ে জাকিরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 
 
ইত্তেফাক/এমআই