জবি ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি

আপডেট : ০৮ মে ২০১৮, ২১:২১
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
 
মঙ্গলবার দুপুর ২টার দিকে ক্যাম্পাসে প্রধান ফটকের সামনে দিকে ভিক্টোরিয়া সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহত তিনজন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকৎসাধীন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনা নিয়ে জবি ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। গ্রুপের দুই কর্মী পরিসংখ্যান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী তুষার, তাহমিদ সুজা ও একই বিভাগের আরো দুই শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বের হয়ে ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী ১২তম ব্যাচের ফার্মেসী বিভাগ ছাত্র অভির সঙ্গে ধাক্কা লাগে। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভি উত্তেজিত হয়ে বড়ভাই তাহমিদ সুজাকে চড়-থাপ্পড় মারতে থাকে। পরে সুজাও অভিকে থাপ্পড় মারতে চাইলে অভি ১২তম ব্যাচের বন্ধুদের ডেকে এনে সুজা, তুসার ও তার সাথে থাকা কয়েকজনের ওপর হামলা চালায়।
 
এ সময় ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের সক্রিয় কর্মী সুজা, তুষার ও তার বন্ধু সাইফুল গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথমে তাদের ঢাকা মিডফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সুজা ও সাইফুলকে অপারেশনের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
 
জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, এরা ছাত্রলীগের কেউ না। এটা বিভাগের বিষয় এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এদের বিচার করবে।
 
জবি প্রক্টর ড.নূর মোহাম্মদ বলেন, একটা মারামারির ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/নূহু