ভেজাল পানি ভরে বিক্রি, তিন প্রতিষ্ঠান সিলগালা

আপডেট : ০৮ মে ২০১৮, ২১:১৪
রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ওয়াসার পানি জারে ভরে বিক্রি করা পানির তিনটি কারখানা বন্ধ করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে দুটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা এবং একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার র‌্যাব ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান চালায়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম আদালতের নেতৃত্ব দেন। 
 
র‌্যাব জানায়, তেজগাঁওয়ের দক্ষিণ কুনিপাড়ার ‘ফিউচার ফুড বেভারেজ’ নামে একটি কারখানায় অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটিতে অনুমতি ছাড়া ওয়াসার লাইন থেকে পানি নিয়ে কোনো ধরনের পরিশোধন ছাড়া পানি জারে ভরে বাজারজাতের জন্য প্রস্তুত করতে দেখেন আদালত। এই অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক আব্বাস উদ্দিন দীপুকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিও সিলগালা করার আদেশ দেন আদালত। 
 
একই এলাকায় জাহাঙ্গীর ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান নলকূপ বসিয়ে সেই পানি জারে ভরে বিক্রি করার চিত্র পায় ভ্রাম্যমান আদালত। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জাহাঙ্গীর এবং মাহমুদ হাসান মাসুদকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পূর্ব নাখালপাড়ার কোল্ড এভারেস্ট নামে কারখানাটিরও অনুমোদন দেখাতে পারেননি এর মালিক। পাশাপাশি সেখানে নোংরা পরিবেশে অপরিশোধিত পানি জারে ভরে বিক্রি করার চিত্র দেখতে পান আদালত। এতে কারখানা মালিক এফ এম নাসির উদ্দিনকে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি কারখানা সিলগালা করে দেওয়া হয়। 
 
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, প্রতিষ্ঠানগুলো অনুমোদন ছাড়াই সাধারণ মানের পানি বোতল ও জারে করে তা বিশুদ্ধ পানি হিসেবে বিক্রি করে আসছিল। রাজধানীতে এধরনের অবৈধ আরও পানির কারখানায় অভিযান অব্যাহত থাকবে। 
 
ইত্তেফাক/এমআই