কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে আজ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করবে কোটা সংস্কার আন্দোলনে গড়ে ওঠা ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।’ গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল হক নুর বলেন, প্রজ্ঞাপন জারি নিয়ে কোনো টালবাহানা ছাত্রসমাজ মেনে নেবে না। কোটা সংস্কারের দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
নুরুল হক আরো বলেন, প্রধানমন্ত্রী দুই দুইবার কোটা বাতিলের ঘোষণা দেয়ার পরও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যে শ্রদ্ধাশীল। আমরা ধৈর্যের পরিচয় দিয়ে প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করেছি। কিন্তু প্রজ্ঞাপন জারির জন্য আবার রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা আশা করছি, আগামী দু’একদিনের মধ্যে প্রজ্ঞাপন পাবো।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম আহ্বায়ক ফারুক হাসান, যুগ্ম আহ্বায়ক মাহফুজ খানসহ কয়েকশ শিক্ষার্থী।
ইত্তেফাক/রেজা
