বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ মে দিন ধার্য করেছে আদালত। তদন্তকারী কর্মকর্তার সময় আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী গতকাল বুধবার এই আদেশ দেন। গত ১৩ মার্চ এ মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিলো; কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ১৭ এপ্রিল পরবর্তী দিন ধার্য করে। গতকালও প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হন ওই কর্মকর্তা। এরপর সময় চেয়ে আবারো আবেদন করলে আদালত নতুন এইদিন ধার্য করে দেয়।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নিয়ে যায় হ্যাকাররা। এ ঘটনায় মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
