২৫ ডেটোনেটরসহ জেএমবির দুই সদস্য গ্রেফতার

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০০:৪৭

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। গ্রেফতারকৃতরা হলো সবুর মিয়া ওরফে হক্কুল ও রিংকু মিয়া।

সিটিটিসির উপ-কমিশনার মহিবুল ইসলাম খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাবতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫টি ডেটোনেটর ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিটিটিসি সূত্র জানায়, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সংগঠনের অন্য সদস্যসহ তারা গাবতলী এলাকায় একত্রিত হয়েছিল। পালিয়ে যাওয়া জেএমবি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় দারুসসালাম থানায় একটি মামলা হয়েছে।