কুবিসাসের প্রকাশনা উৎসব

আপডেট : ০৯ মে ২০১৮, ১৩:৩৮
বর্ণাঢ্য আয়োজন ও নানা উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) বার্ষিক উৎসব-২০১৮, বার্ষিক প্রকাশনা উৎসব ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানের শুরুতে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করে সংগঠনটি। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে পরিবহন মাঠে আলোচনা অনুষ্ঠানে সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মো. মতিউর রহমানের উপস্থাপনায় ও সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা এবং প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. এমরান কবির চোধুরী, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের, সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চোধুরী। আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের সভাপতি, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এম আহসান হাবীব, শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে সাংবাদিক সমিতির ২য় ও বার্ষিক স্মরণিকা ‘সঞ্জীবন’ এর মোড়ক উন্মোচন করা হয়।
 
আলোচনা অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ-২০১৮ এর সভাপতি মো. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ।
 
আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের খ্যাতনামা শিল্পীরা, কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন, বিশ্ববিদ্যালয়ের একমাত্র ব্যান্ড দল প্লাটফর্ম ও ড্যান্স গ্রুপ হিপট্রিকস। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে ‘রেডিও কুবি’।
 
ইত্তেফাক/এসএস