ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। ওই রিটে স্থানীয় পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা ও গাফিলতির কারণে তাকে এ পরিণতি বরণ করতে হয়েছে বিধায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ বৃহস্পতিবার এ আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে পিবিআইয়ের পরিবর্তে র্যাবকে দিয়ে ঘটনার তদন্ত চাওয়ার পাশাপাশি রাফির মামলাটি নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য আবেদন করা হয়েছে।
এছাড়া সাংবাদিক সাগর-রুনি দম্পত্তি হত্যা, নারায়ণগঞ্জের ত্বকী হত্যা, চট্টগ্রামে মিতু ও কুমিল্লার তনু হত্যা মামলার তদন্তের অগ্রগতি সময়ে সময়ে হাইকোর্টকে জানানোর জন্য এতে নির্দেশনা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজি, সোনাগাজীর ওসিসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে।
