স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, চিকিত্সক সমাজের আরো উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তুলতে রোগীদেরকে আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে এবং সংশ্লিষ্ট সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের অডিটোরিয়ামে ‘চিকিত্সা সেবায় নৈতিকতা’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ও বাস্তবমুখী পদক্ষেপের কারণে দেশের স্বাস্থ্যখাত অনেক দূর এগিয়ে গেছে। মেডিক্যাল কলেজসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। দেশের ৮টি বিভাগে ১টি করে কিডনী এবং ১টি করে ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে। ঢাকা মেডিক্যাল কলেজের শয্যা সংখ্যা ৫০০০-এ উন্নীত করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।
