কল্পবিজ্ঞানে বিশেষ অবদান রাখায় এ বছর ‘সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কার ২০১৭’ পাচ্ছেন জনপ্রিয় কথাসাহিত্যিক মোস্তফা কামাল। এছাড়া কল্পবিজ্ঞান গল্পের মধ্য থেকে সেরা কল্পগল্প পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তরুণ বিজ্ঞান লেখক সাইফ ইমন।
বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির উদ্যোগে দ্বিতীয়বারের মতো দেয়া এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন এই দুজন। আগামী ১১ মে সকাল ১১টায় বাংলা কল্পবিজ্ঞানের জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল পুরষ্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেবেন।
সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মোস্তফা কামাল। তিনি বলেন, আমাকে পুরস্কৃত করার জন্য বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সায়েন্স ফিকশন লেখালেখির দেড় দশক পর (ঢাকা ও কলকাতা থেকে ১৫টি বই বের হয়েছে) এই স্বীকৃতির জন্য আমি কৃতজ্ঞ।
বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি গত বছর থেকে কল্পবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য একজনকে সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়। এরই ধারবাহিকতায় চলতি বছর এই পুরস্কারের জন্য মনোনীত হন কথাসাহিত্যিক মোস্তফা কামাল।
ইত্তেফাক/কেআই
