বৈষম্যমূলক শুল্ক নীতি প্রত্যাহার করে বিড়ি শিল্পকে রক্ষাসহ বিভিন্ন দাবিতে সারাদেশ থেকে সংগৃহীত সাড়ে ৫ লাখ গণস্বাক্ষর জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের (এনবিআর) কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা চেয়ারম্যান পিএস সারওয়ারের কাছে গণস্বাক্ষরের বাঁধাই করা বই বুধবার দুপুরে পৌছে দেন।
এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক এমকে বাঙ্গালী, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেরিক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ভারতের মতো বাংলাদেশে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা, প্রতি হাজার বিড়িতে ১৪ টাকা ট্যাক্স নির্ধারণ করাসহ বিভিন্ন দাবিতে সারাদেশ দেশ খেকে তামাক চাষী, বিড়ি শ্রমিক, ব্যবসায়ী ও বিড়ি ভোক্তাদের কাছ থেকে এই স্বাক্ষর সংগ্রহ করা হয়। ৮ মে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আনুুষ্ঠানিকভাবে স্বাক্ষরের বাঁধাই করা বই বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতাদের হাতে হস্তান্তর করেন আঞ্চলিক নেতৃবৃন্দ। তারা এই স্বাক্ষর করা বই এনবিআরের কাছে হস্তান্তর করেন।
সংগঠনের নেতারা জানান, গত ৩১ মার্চ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্মুখে মন্ত্রণালয়ে তামাকজাত পণ্য উৎপাদন বন্ধে একটি চিঠি দেন। চিঠিতে ২ বছরের মধ্যে বিড়ি শিল্প এবং ২২ বছরের মধ্যে সিগারেট শিল্প তুলে দেয়ার প্রস্তার করা হয়েছে। অর্থমন্ত্রীর এই প্রস্তাবেব বিড়ি শ্রমিক, তামাক চাষি, বিড়ি ব্যবসায়ী ও বিড়ি ভোক্তাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করে। সেই সঙ্গে বিড়ি শিল্পকে রক্ষায় বিভিন্ন দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। নেতৃবৃন্দ বলেন, সংগ্রহ করা স্বাক্ষর প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/নূহু
