২৩০ মিলয়ন বছর থেকে ৬৫ মিলিয়ন বছর আগের ৩টি পিরিয়ড জুড়ে পৃথিবীতে রাজত্ব ছিল ডাইনোসরদের। ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রাটাসিয়াস এই তিন যুগের মধ্যে ট্রায়াসিক যুগের ডাইনোসররা ছিল আকারে অনেক ছোট এবং হালকা ওজনের। আর জুরাসিক ও ক্রাটিসিয়াস যুগের ডাইনোসররা ছিল বিশাল আকৃতির। জুরাসিক ও ক্রাটিসিয়াস যুগের ডাইনোসরদের কোন কোনটি আবার সরীসৃপ বৈশিষ্ট্য সম্পন্ন ছিল।
এখন পর্যন্ত ডাইনোসর এবং সমসাময়িক প্রাণীদের সম্পর্কে যতো তথ্য জানতে পেরেছে তার প্রধান ভিত্তি মূলত সেই সব প্রাণীদের দেহাবশেষ বা কঙ্কাল। এবার সেই সময়ের একটি সরীসৃপের কঙ্কালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। রোমানিয়ার ট্রান্সসিলভেনিয়ায় খুঁজে পাওয়া গেছে ৬৬ মিলিয়ন বছর আগের উড়ুক্কু সরীসৃপের সেই কঙ্কালটি। কঙ্কালটিকে পুনর্গঠন করার পর বিজ্ঞানীরা ধারণা করছেন, সেই সময়ে এই উড়ুক্কু ডাইনোসরটির ডানার পরিধি ছিল ২৯ ফুটের কাছাকাছি।
ক্রাটিসিয়াস যুগের শেষ দিকের অবস্থার বর্ণনা দিতে গিয়ে বিজ্ঞানীরা বলছেন, ঐ সময়ে সম্ভবত সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অনেক বেশি ছিল। ৬৫ মিলিয়ন বছর আগে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হওয়ার আগে হয়তো ট্রান্সসিলভেনিয়াতে এই ধরনের সরীসৃপের বসবাস ছিল।
উড়ুক্কু সরীসৃপের দেহের বর্ণনা সম্পর্কে বলা হয়েছে, এদের দেহ অনেকটা গাঁট্টাগোট্টা প্রকৃতির ছিল, শরীর বেশ ভারি ছিল, মাথা বড় এবং গলা ছিল ছোট। এরা একই সাথে বৃক্ষভোজী এবং মাংসাশী স্বভাবের ছিল। খাবার হিসেবে তারা গ্রহণ করতো ডাইনোসরের ডিম, ছোট কুমির, পরিষ্কার পানির কচ্ছপ এবং নানা জাতের বড় আকারের মাছ।
ডাইনোসর কিংবা সমগোত্রীয় প্রাণীদের মধ্যে এই কঙ্কালটি অবশ্য সবচেয়ে বড় নয়। কিন্তু উড়ুক্কু সরীসৃপদের মধ্যে এটি-ই সবচেয়ে বড় কঙ্কালের ঘটনা। ট্রান্সসিলভিয়া থেকে এখন পর্যন্ত উদ্ধার হওয়া বড় কঙ্কালের মধ্যে এটি তৃতীয় স্থানে রয়েছে। এই ধরনের উড়ুক্কু সরীসৃপ সম্পর্কে অধিকতর জানার সুযোগ খুঁজছেন বিজ্ঞানীরা।-ন্যাশনাল জিওগ্রাফিক
ইত্তেফাক/মোস্তাফিজ
