গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনের নারী ব্যারাকে এক নারী কনস্টেবলের গলায় ফাঁস দেওয়া মৃতদেহ পাওয়া গিয়েছে। নিহতের নাম তাসলিমা আক্তার (২৩) (কং নং ৬৮২)। ব্যারাকের উর্দ্ধতন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে তাসলিমা আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া এলাকার রফিকুল ইসলামের মেয়ে।
অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, সকালে তাসলিমার ডিউটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু সে ডিউটিতে যায়নি। ব্যারাকে তার সহকর্মীরা ডিউটিতে চলে গেলে দুপুর ১২টায় ব্যারাকের ফ্যানের সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। একজন নারী কনস্টেবল তার ঝুলন্ত মরদেহ দেখে অন্যদের জানালে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল হক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ছয় মাস পূর্বে এনজিও কর্মী মো. ওয়াসিম মিয়ার সাথে তার বিয়ে হয়। দাম্পত্য কলহ নাকি অন্য কোন কারনে তাসলিমার আত্মহত্যার পথ বেঁছে নিয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/নূহু
