ইরাক নির্বাচনে এগিয়ে আবাদি, দ্বিতীয় সাদর

আপডেট : ১৩ মে ২০১৮, ১৬:০৯
ইরাকে জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে এগিয়ে আছেন বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির দল। তার পরেই অবস্থান করছেন শিয়া নেতা মোকতাদা আল-সাদরের জোট। প্রাথমিক ফলাফলের ওপর ভিত্তি করে নিরাপত্তা কর্মকর্তা ও নির্বাচন কমিশনের এক সূত্র এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 
 
খবরে বলা হয়, শনিবার ইরাকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে জঙ্গি গোষ্ঠী আইএস পরাজিত হওয়ার পর এটাই প্রথম সাধারণ নির্বাচন। ভোট গ্রহণ শেষ হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ হয়নি। প্রত্যাশা করা হচ্ছে, আগামীকাল সোমবার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৪৫ শতাংশের কাছাকাছি।  
 
প্রাথমিক ফলাফল অনুসারে, যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের মিত্র প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এই নির্বাচনে এগিয়ে আছেন। নির্বাচনে আবাদির প্রধান উদ্বেগ ছিল শিয়া ভিত্তিক দলগুলোকে পেছনে ফেলা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোকতাদা আল-সাদরের জোট।  
 
অনানুষ্ঠানিক ফলাফল অনুসারে, ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে শক্ত অবস্থানে আছেন সাদর। সাদর যদি নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জন করেন তাহলে সেটা হবে বিস্ময়কর। দেশের দরিদ্র জনগোষ্ঠীর কাছে তিনি বেশ জনপ্রিয়। কিন্তু ইরানের প্রভাবশালী ব্যক্তিরা তাকে একপেশে করে রেখেছে বলে বলা হয় রয়টার্সের প্রতিবেদনে।
 
প্রসঙ্গত, সাদর-নেতৃত্বাধীন জোট ইরানের সমর্থন করে। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করার বিরুদ্ধে সহিংস বিক্ষোভের নেতৃত্ব দেন সাদর। 
 
ইত্তেফাক/জেআর/ইউবি