জবি শিক্ষার্থী আরিফের সাফল্য

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৯:০৫

>> মাসরুবা তাসমিন সুহা

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট দলের সেবা স্তরের রোভার তিনি। স্থানীয় ও জাতীয় পর্যায়ে সেবামূলক কাজে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তিনি পেয়েছেন স্কাউটসের ন্যাশনাল সার্ভিসের অ্যাওয়ার্ড।

ছোটবেলায় আরিফ বেড়ে উঠেছেন কুমিল্লা জেলার মুরাদনগর থানায়। কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চবিদ্যালয় থেকে ২০০৮ সালে এসএসসি ও কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজ থেকে ২০১০ সালে এইচএসসি পাস করেন। দুটো পরীক্ষায় কুমিল্লা বোর্ড থেকে মানবিক বিভাগে বোর্ড স্কলারশিপ লাভ করেন। স্কুলজীবন থেকেই মানুষের সেবার করার মানসিকতা তার। একজন অন্ধ রাস্তা পার হতে পারছে না, তাকে পার করে দেওয়া, কিংবা একজন ভ্যানচালক ভ্যান চালিয়ে উঁচু ব্রিজে উঠতে পারছেন না, তাকে ধাক্কা দিয়ে সাহায্য করা। এমন কাজগুলো নিয়মিতই করতেন আরিফ। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বিশ্ববিদ্যালয়ের রোভার-ইন-কাউন্সিলের সাবেক যুগ্ম সম্পাদক বন্ধু ইসমাইল হোসেনের অনুপ্রেরণায় ২০১৩ সালের নভেম্বরে রোভার স্কাউটের সদস্য হন তিনি। জবি রোভার-ইন-কাউন্সিলে পর্যায়ক্রমে কার্যকরী সদস্য, দপ্তর সম্পাদক, সহসভাপতি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। স্কাউট হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশ নিয়েছেন। প্রতিবছর ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো ও পোলিও টিকা প্রদান ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্রাফিক সপ্তাহে সড়কে ট্রাফিক পুলিশকে সহায়তায় দায়িত্ব পালন করেছেন। ছিলেন হজ্জ ক্যাম্পে হজ্জ যাত্রীদের সেবা প্রদানেও। এ ছাড়া পথশিশুদের অক্ষরজ্ঞান দান, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজে সবসময় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।