গোদাগাড়ীর দুইজনসহ চার জিএমবি সদস্য আটক

আপডেট : ১৪ মে ২০১৮, ১৬:০৩
রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সক্রিয় সদস্য আটক হয়েছে। রবিবার দিবাগত রাত ১১টার দিকে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি সদস্যরা গোদাগাড়ী পৌর এলাকার রামনগর ও মহিষালবাড়ী মহল্লায় অভিযান চালিয়ে নাঈমুল ইসলাম নাঈম (২০),  পিয়ারুল ইসলাম পিয়ারুল (২১), নামের দুই জিএমবির সদস্যকে আটক করে। এছাড়াও পুঠিয়া উপজেলার বেলপুকুর গ্রামের আমজাদ আলীর ছেলে জুয়েল মিয়া (২৮) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি মধ্যচরের মৃত আব্দুল মান্নানের ছেলে সাহাবুল ইসলামকে (২৩) আটক করে।
 
এ সময় র‌্যাব সদস্যরা আটককৃতদের কাছ থেকে জিহাদী বই, জিহাদী লেখা সম্বলিত ব্যক্তিগত ডায়েরি ৪ টি,  জিহাদি লিফলেট, জিহাদ করার বিধি ১ টি পরিপূর্ণ সেট,  মোবাইল সেট ৫ টি, সিমকার্ড ১৫ টি এবং মেমোরি কার্ড ৭টিসহ হাতেনাতে গ্রেফতার করে।
 
র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় সদস্য এবং সংগঠনের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
 
এছাড়া তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, ইয়ানতের টাকা আদায়, জিহাদি দাওয়াত ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।
 
র‌্যাব-৫ আরও জানায়, গত ১৮  ফেব্রুয়ারি ২০১৮ তারিখ রাজশাহী জেলার তানোর থানাধীন বিলশহর গ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য সাহেবজান আলীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দলের আরও দুই সদস্যকে গান পাউডার, জিহাদী বই এবং বোমা তৈরির বিভিন্ন উপকরণসহ গ্রেফতার করা হয়। কিন্তু ঘটনাস্থল থেকে আরও কিছু সদস্য পালিয়ে যায়।
 
পরবর্তীতে ২৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন জামিরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, আই ই ডি, গান পাউডার, জিহাদী বই ও বোমা তৈরির বিভিন্ন সরমঞ্জামাদিসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।। তাদের প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায়, তাদের কিছু সঙ্গী রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন এবং পুঠিয়া থানাধীন বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে জমায়েত হয়। এরূপ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে।
 
ক্রমাগত গোয়েন্দা নজরদারীর ধারাবাহিকতায় র‌্যাব-৫ রাজশাহীর একটি বিশেষ আভিযানে রবিবার দিবাগত রাতে গোদাগাড়ী, পুঠিয়া উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলিতে অভিযান চালিয়ে ৪ জিএমবির সদস্যদের আটক করে।
 
থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/নূহু