তানোর-চৌবাড়িয়া সড়কের বেহাল দশা

আপডেট : ১৫ মে ২০১৮, ১৫:২৯
তানোর-চৌবাড়িয়া প্রায় ৮ কিলোমিটার সড়কের বেহাল দশা! পিচ উঠে খানাখন্দে পরিণত হয়েছে। যেন দুর্ভোগের আরেক নাম এই তানোর-চৌবাড়িয়া সড়ক! তানোর থেকে চৌবাড়িয়া হয়ে জেলা শহর নওগাঁ যাওয়ার একমাত্র পথ এটি। কিন্তু চাপড়া ব্রিজের পর থেকে একমাত্র এই সড়কটি এখন মরণফাঁদ।
 
সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে প্রয়োজনীয় সংস্কারের অভাবে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তানোর-চৌবাড়িয়া গুরুত্বপূর্ণ এই রাস্তা মেরামত না করায় জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়েই চলাচল করছে বিভিন্ন ছোট-বড় যানবাহন। আর মাঝে-মধ্যে ঘটে যাওয়া ছোট-বড় দুর্ঘটনায় আহতসহ নিহতের ঘটনাও ঘটছে।
 
সংস্কারের অভাবে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টি হলে ওইসব গর্তে পানি জমে যায়। এর ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। জেলা শহরের অন্যতম বৃহৎ পশুরহাট এই চৌবাড়িয়ায়। যেখানে বিভিন্ন জেলা-উপজেলা শহর থেকে প্রতিনিয়ত মানুষ আসে এই হাটে পশু কেনা-বেচা করতে। সড়কের এমন বেহাল দশার কারণে মালামাল পরিবহনে সময় যেমন বেশি লাগছে, অপরদিকে ভাড়ার পরিমাণও দ্বিগুণ গুনতে হচ্ছে।
 
তানোর সিন্দুকাই গ্রামের সিএনজি চালক মহাসিন আলী বলেন, এ রাস্তার পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্তে পরিণত হয়েছে। যা মোটেও চলাচলের উপযোগী নয়। পেটের দায়ে ঝুঁকি নিয়েই গাড়ি চালাই। প্রায়দিনই রাস্তার মাঝে যানবাহন বিকল হয়ে পড়ছে। কোথাও আবার উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটছে হরহামেশা।
 
তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক বিশ্বজিৎ কুমার দাস পাপ্পু বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী এবং সর্বস্তরের জন সাধারণ এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়েই যাতায়াত করে থাকেন। বৃষ্টিতে রাস্তায় পানি জমে থাকার কারণে প্রায়ই যানবাহনের চাকার পানি ছিটকে শিক্ষার্থীসহ সকলের পোশাক নষ্ট হয়ে যায়। এই ভাঙ্গা রাস্তার গর্তে পড়ে প্রায়ই অটোরিক্সা, মোটরসাইকেল দুর্ঘটনার সস্মুখীন হচ্ছে। রাস্তাটি দ্রুত মেরামত করা প্রয়োজন। 
 
কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোসলেম উদ্দীন প্রামানিক বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। তাই বৃহত্তর স্বার্থে অতি দ্রুত রাস্তাটির প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
 
তানোর উপজেলা প্রকৌশলী মো: আব্দুল্লাহ আল মামুন রাস্তাটির বেহাল দশার কথা স্বীকার করে বলেন, চাপড়া থেকে চৌবাড়িয়া সড়কের কাজ হবে।
 
ইত্তেফাক/নূহু