হাওয়াইয়ে ফের অগ্ন্যুৎপাত, রেড এলার্ট জারি

আপডেট : ১৬ মে ২০১৮, ১৫:৪৭
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কিলাউয়েয়া আগ্নেয়গিরিতে মঙ্গলবার ফের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এতে জ্বালামুখ দিয়ে ব্যাপক ছাইভস্ম আকাশের দিকে অনেক উঁচুতে উঠে তারপর ছড়িয়ে পড়ছে। ছাইভস্ম চারদিকে ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ বাতাসের দূষণ পরিমাপ বিষয়ক সতর্কতা জারী করেছে। এছাড়াও একটি বড় ধরনের অগ্ন্যুৎপাতের আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপি’র।
IMG0
হাওয়াইয়ান কাউন্টি সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, কিলাউয়েয়ার একটি জ্বালামুখ দিয়ে পাথর ও গ্যাসের ধোঁয়া আকাশের দিকে উঠে আবার দক্ষিণ-পশ্চিম দিকে পড়ছে। কর্তৃপক্ষ বিমান চলাচলের জন্য রেড এলার্ট জারি করে জানিয়েছে, ছাইমেঘ ১০ থেকে ১২ ফুট উঁচুতে উঠে ছড়িয়ে পড়ছে। আগ্নেয়গিরির আশপাশের বাসিন্দাদের শ্বাসকষ্ট হতে পারে বলে সতর্ক করে কর্তৃপক্ষ মানুষকে খোলা জায়গা এড়িয়ে চলতে এবং সাবধানে গাড়ি চালাতে অনুরোধ করেছে।
IMG1
বিগ আইল্যান্ডে নতুন একটি ফাটল দিয়ে এই অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সেখানেই জ্বালামুখটি অবস্থিত। এই নিয়ে ৩ মে থেকে মোট ২০টি লাভা নির্গমনকারী ফাটল সৃষ্টি হল। এখন পর্যন্ত লাভায় প্রায় ৪০টি বাড়ি ও অন্যান্য ভবন ধ্বংস হয়েছে। বিগ আইল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে আগ্নেয়গিরিটি অবস্থিত। কিলাউয়েয়া বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির একটি। এএফপি।
 
ইত্তেফাক/সেতু