পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াসীন (৯) নামে এক স্কুলছাত্রের বজ্রপাতে মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর একটার দিকে উপজেলার উত্তর ভেচকী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইয়াসীন উপজেলার টিকিকাটা ইউনিয়নের উত্তর ভেচকী গ্রামের নির্মাণ শ্রমিক ইউনুস দর্জির ছেলে। শিশুটি উত্তর ভেচকী গাবতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার শিশু ইয়াসীন স্কুল শেষে দুপুরে বাড়ি ফিরে আসে। দুপুর একটার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বাড়ির সামনের মাঠ থেকে গরু নিয়ে গোয়ালে ফিরছিল ইয়াসীন। এসময় বজ্রপাত হলে শিশুটি ঘটনাস্থলে নিহত হয়। পরিবারের স্বজন ও প্রতিবেশীরা মিলে শিশুটির লাশ উদ্ধার করে।
শিশুটির পরিবারসহ এলাকাবাসী শোকাচ্ছন্ন হয়ে পড়েছে।
বুধবার উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা বাজারের পাশের একটি জাম্বুরা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মধ্যবয়সী এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা কেউ নিহত ওই ব্যাক্তির সঠিক পরিচয় উদঘাটন করতে পারেনি।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে নাম পরিচয়হীন ওই ব্যাক্তি স্থানীয় বাদুরা গ্রাম্য বাজারে ভবঘুরের মতো ঘোরাফেরা করছিল। আজ বুধবার সকালে স্থানীয়রা বাজারের পূর্বপাশের একটি সড়কের পাশের জাম্বুরা গাছের ডালে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল হতে তার লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ মাজহারুল আমীন (বিপিএম) জানান, নিহত ওই ব্যাক্তির পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
