বিনামূল্যে বিতরণের সরকারি বই বিক্রির অপরাধে রাজধানীর খিলগাঁও গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন মিলনকে (৪৫) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম ওই স্কুলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। স্কুল থেকে ১০ হাজার সরকারি বই উদ্ধার হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুর ৩টায় ওই স্কুলে ভ্রাম্যমাণ আদালত যায়। এর আগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে দুপুর ১টার দিকে স্কুল কর্তৃপক্ষ ক্লাশ ছুটি দিয়ে দেয়। আদালত স্কুলের একটি কক্ষ থেকে ১০ হাজার বই উদ্ধার করে।
সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে দেখতে পায় যে, গোড়ান আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রের প্রকৃত সংখ্যার কয়েকগুণ বেশি বইয়ের জন্য আবেদন করে। চার বছর ধরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিযোজিত আছেন আবুল হোসেন মিলন। ওই বিদ্যালয়ে ২৯২ জন ছাত্র-ছাত্রী থাকলেও তিনি ৩ হাজার ৫৬০ জন ছাত্র-ছাত্রী দেখিয়ে সরকারি বই নিতেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দেয়ার পর বাকি বইগুলো তিনি বাইরে বিক্রি করে দিতেন। প্রতি বছর স্কুলের প্রধান শিক্ষক গড়ে ২ লাখ টাকা থেকে ৩ লাখ টাকার বই বিক্রি করেন। এই তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ইত্তেফাক/ইউবি
